সুনামগঞ্জে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় ২০ লাখ মানুষ
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সীমান্তবর্তী কয়েকটি উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা ক্রমেই বাড়ছে। জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগে রয়েছেন ২০ লাখের বেশি মানুষ। বিশেষ করে সীমান্তবর্তী নিম্নাঞ্চলগুলো যেকোনো সময় প্লাবিত হতে পারে বলে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
৩ হাজার ৭৪৭ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের হাওরপ্রধান জেলা সুনামগঞ্জ প্রায় প্রতি বছরই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বন্যার মুখোমুখি হয়। কয়েক সপ্তাহ আগেও হাওরাঞ্চলের কৃষকেরা নানা প্রতিকূলতা মোকাবিলা করে ধান ঘরে তুলেছেন। বজ্রপাত, জলাবদ্ধতা ও আকস্মিক ঢলের কারণে অনেক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বড় অংশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত। ফলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রথম আঘাত পড়ে এসব অঞ্চলে। পানি আরও বাড়লে চার থেকে পাঁচ উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হওয়ার ঝুঁকিতে পড়বেন।
ইতিমধ্যে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক এবং বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।
তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকার বাসিন্দারা জানান, হঠাৎ করে ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সড়ক ও গ্রামীণ পথ তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে সীমান্তবর্তী গ্রামগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সুনামগঞ্জ শহরের বাসিন্দাদের মধ্যেও বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, নদীর পানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে জেলার বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি বাড়বে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা, বৌলাই ও রক্তি নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৮৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার প্রায় ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। আগামী দুই দিনে ভারী বৃষ্টিপাত হলে কিছু এলাকায় পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
১২০ বার পড়া হয়েছে