ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেকেরহাট থেকে ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই পিকআপের যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা। এছাড়া গুরুতর আহত অবস্থায় আলমগীর শেখ (৪০) নামের আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তিনি নেশারউদ্দিন শেখের ছেলে।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং পিকআপটি সরিয়ে নেয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১২০ বার পড়া হয়েছে