স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, পুলিশ সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকারের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বর্তমান সরকারের মেয়াদে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।
পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে। পাশাপাশি ইইউ বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন ও আধুনিকায়নে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্নীতি দমনের বিষয়ে রাষ্ট্রদূত একটি শক্তিশালী ও সুস্পষ্ট কৌশলের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে ইইউ সব ধরনের কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত বলে জানান। মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খানসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে