হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের প্রতি ঢাকার আহ্বান
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জ্বালানিবাহী জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।
রোববার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়টি তুলে ধরেন। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশগামী জাহাজগুলো যেন হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে গত ১ এপ্রিল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জানান, ইরান সরকার হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী ছয়টি জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচলের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। যেখানে আগে প্রতিদিন ১০০ থেকে ১৩০টি জাহাজ চলাচল করত, সেখানে গত সপ্তাহে তা নেমে আসে ৫ থেকে ১১টিতে। যুদ্ধবিরতির পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
সংঘাতের প্রভাবে বিশ্ববাজারেও তেলের দামে অস্থিরতা দেখা দেয়। যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, তা বেড়ে কোনো কোনো সময়ে ১১৯ ডলার ছাড়িয়ে যায়।
১২৫ বার পড়া হয়েছে