জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
সভায় জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানী তেল সরবরাহ হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া যানজট নিরসনে নির্দিষ্ট বাসস্ট্যান্ড চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে তৎপরতা বৃদ্ধি এবং সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে