সর্বশেষ

সারাদেশ

৮৫ বছরের ঐতিহ্য সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়: সীমানা প্রাচীর ও গেট না থাকায় ঝুঁকিতে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৮৫ বছরের ঐতিহ্য বহন করলেও এখনো মৌলিক অবকাঠামোগত সংকটে ভুগছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রয়োজনীয় উন্নয়ন না হওয়ায় নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০১৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতিও অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে শ্রেণিকক্ষের স্বল্পতা, সীমানা প্রাচীর ও প্রধান ফটক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের পাশ দিয়ে ব্যস্ত খাগাইল–তোয়াকুল সড়ক থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। সরেজমিনে দেখা যায়, সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে গবাদিপশুর অবাধ বিচরণ, যা পরিবেশ নষ্টের পাশাপাশি পাঠদান ও খেলাধুলার পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়দের আশঙ্কা, সীমানা নির্ধারণ না থাকায় বিদ্যালয়ের জমি দখল হওয়ার ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ বলেন, দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নের অভাবে শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছে। দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ ও শ্রেণিকক্ষ বাড়ানোর দাবি জানান তিনি।

ইউপি সদস্য আলী হোসেন জানান, বাউন্ডারি না থাকায় গবাদিপশুর কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। রোপণ করা গাছপালাও রক্ষণাবেক্ষণের অভাবে টিকে থাকছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায় বলেন, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও শ্রেণিকক্ষ সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সীমানা প্রাচীর ও গেট না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে জানান, বিদ্যালয়ের সমস্যাগুলো কর্তৃপক্ষের নজরে রয়েছে। অবকাঠামো উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে এবং সীমানা প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন