পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দাম আকাশছোঁয়া
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পহেলা বৈশাখকে কেন্দ্র করে পটুয়াখালীর বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর-আলীপুরে ব্যাপক হারে বেড়েছে ইলিশের দাম।
দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি মৎস্য বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মিললেও বড় সাইজের ইলিশ অনেকটাই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, মহিপুর-আলীপুর মৎস্য বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে মণ প্রতি ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকায়। ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকায়। এছাড়া ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মণ দরে।
পাইকারি বাজারে এ দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শহরের নিউ মার্কেটসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ এখন আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
এদিকে মৎস্য আড়ৎ মালিকরা জানিয়েছেন, তেল সংকটের কারণে পর্যাপ্ত মাছ ধরতে পারছেন না জেলেরা। আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের অবরোধ শুরু হবে, পাশাপাশি বাজারে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহও কম। পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ইলিশের দাম এখন আকাশছোঁয়া হয়ে উঠেছে।
মহিপুর ভাই ভাই আড়তের বিক্রেতা মো. শাহ আলম হাওলাদার বলেন, “সাগরে তেমন ইলিশ পড়ছে না। এর মধ্যে আবার সারাদেশে তেলের সমস্যা রয়েছে। জেলেরা অনেকেই তেলের সমস্যার কারণে সাগরে যেতে পারছেন না। আমাদের এখন মরার উপর খাঁড়ার ঘা। একদিকে মাছ পাই না, অন্যদিকে তেলের সমস্যায় সাগরে যাওয়া সম্ভব হচ্ছে না। তার ওপর ১৫ এপ্রিল থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।”
ইলিশ ক্রেতা আব্দুর রহিম বলেন, “আমি আজ মহিপুরে ইলিশ কিনতে গিয়ে অবাক হয়েছি। স্বর্ণের দামের চেয়েও ইলিশের দাম বেশি। ইলিশের গায়ে মনে হয় আগুন লাগছে। আমি একটি দাম বলায় বিক্রেতা আমাকে বলেন, ঐ দামে ইলিশের আঁইশও পাওয়া যাবে না।”
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, চাহিদা অনুযায়ী সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তেলের সংকট রয়েছে। বৈশাখকে কেন্দ্র করে বাজারে ইলিশের চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য। এই সময়কে কেন্দ্র করে সারাদেশে ইলিশের চাহিদা বেড়ে যায়। কিন্তু সে অনুযায়ী বাজারে ইলিশ নেই। একদিকে সাগরে ইলিশ কম ধরা পড়ছে, অন্যদিকে তেলের সংকটের কারণে জেলেরা পর্যাপ্তভাবে সাগরে যেতে পারছেন না।”
১২৩ বার পড়া হয়েছে