সাহিত্য
তুমি নেই
তুমি এবং নিজস্ব সংলাপ
শাহিন রিজভি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তুমি নেই
তবু কেনো ডাকো
কেনো আঁকো শূন্যতার ছবি
ক্ষোভভরা অনড় দু'চোখে
কেনো এমন শাসন, এমন বকাবকি
না পাওয়ায় বিরহে হারাবার কিছু নেই
হারিয়ে যায় পথের সীমানা, নদীর বাঁক
ছোটখাটো খুনসুটি, বিশ্বাসের মিথ্যে প্রলাপ
নিঃশ্বাসের দায়সারা লুকোচুরি
সমুদ্রও গভীরতা হারিয়ে চরের গান গায়।
কেনো হাসো
কেনো কণ্ঠ ভারী হয়ে ওঠে নীল জোছনায়
কেনো কাশফুলে বাঁধো সাদা শাড়ির আঁচল
দিন চলে যায় সূর্যের তাড়নায়
গঙ্গামতির জলে জোয়ার আসে
ভাসে উজানী মাছের চোখ
সাগরমাতায় মেঘের নিখুঁত উপাসনায়
বরফগলা নদী নীড় খুঁজে পায়।
কেনো কাঁদো
কেনো অযুত বর্ষায় জলের কাব্য লিখো
কেনো সমুদয় ভুল দিয়ে যত্নে সাজিয়ে রাখো
কারুকাজখচিত নিজস্ব ভুলদানি।
তুমি নেই
সত্যিই কি তুমি নেই
না কি লুকিয়ে আছো অলীক কল্পনায়
সত্য আর মিথ্যের ঠিক মাঝামাঝি।
লেখক : কবি, কথাশিল্পী ও নির্মাতা।
১৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন