সুন্দরবনে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' ও 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' অভিযান শুরু
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনকে দস্যুমুক্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বনদস্যুদের সমূলে উৎপাটন করতে বর্তমানে সুন্দরবনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের গহীনে দস্যুবাহিনীর অপতৎপরতা বন্ধে এই কঠিন অভিযানগুলো সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা, জেলে, বাওয়ালি এবং মৌয়ালদের কর্মক্ষেত্রে নির্ভয়ে কাজ করার পরিবেশ তৈরি করা।
বনের গহীন অরণ্যে লুকিয়ে থাকা দস্যু ও তাদের আস্তানাগুলো চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও গুড়িয়ে দেয়া হচ্ছে।
আধুনিক প্রযুক্তি ও দ্রুতগতিসম্পন্ন বোট ব্যবহার করে সুন্দরবনের নদ-নদীতে নিয়মিত টহল জোরদার করা।
ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম আরো জানান, সুন্দরবন বাংলাদেশের ফুসফুস এবং অসংখ্য মানুষের জীবিকার উৎস। এই বনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ড আপসহীন।
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ মাসে ৮১টি আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর ছাড়াও বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ জন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময়ে অপহৃত ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদসহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, "আমরা দস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' এর মাধ্যমে বনবাসীদের জান-মালের নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ডের প্রতিটি সদস্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে।"
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন এবং সকল প্রকার অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
১৮৯ বার পড়া হয়েছে