৭ দিনের সময় শেষ, বরিশাল নগরীর শৃঙ্খলায় উচ্ছেদ অভিযান শুরু
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা এবং বিশৃঙ্খল নগর ব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে থাকা বরিশাল মহানগরীকে শৃঙ্খলার আওতায় আনতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন।
দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নগর উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নিয়েছেন নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
রবিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদ অভিযান শুরুর আগে সাত দিনের সময় দিয়ে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এর উদ্দেশ্য ছিল ব্যবসায়ীরা যেন স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেন এবং কারও মালামালের ক্ষতি না হয়। ইতোমধ্যে কিছু দখলদার নিজ উদ্যোগে সরে গেলেও অনেকেই এখনও অবস্থান করছেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে দখলমুক্ত করা হবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য—এই নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হবে। অবৈধভাবে ফুটপাত ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “কিছু মানুষের অবৈধ সুবিধার জন্য নগরবাসীকে কষ্ট পেতে দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, মাঝে মাঝে কিছু ব্যক্তি অবৈধ দখলদারদের পক্ষে অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। তবে নগরবাসীর স্বার্থই প্রশাসনের প্রধান বিবেচ্য।
উল্লেখ্য, ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা দিয়ে নগরজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগর ভবনে সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন।
এসব আলোচনায় নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার উন্নয়ন, খেলার মাঠ ও পার্কের রক্ষণাবেক্ষণ, যানজট নিরসনসহ নানা দাবি উঠে আসে। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে।
১২৭ বার পড়া হয়েছে