নরসিংদীতে জুলাইয়ে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে জুলাই আন্দোলনের সময় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাইব্যুনাল সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ ছয়জন প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
গণশুনানিতে অংশ নেন জুলাই আন্দোলনের সময় গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এবং সংশ্লিষ্ট আইনজীবীরা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের জোর দাবি জানান।
শুনানিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা ঘটনার দিনের ভয়াবহতা, প্রিয়জন হারানোর বেদনা এবং দীর্ঘদিন বিচার না পাওয়ার হতাশার কথা জানান। পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গণশুনানির মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই তারা নরসিংদীতে এসেছেন। সত্য উদঘাটনে সবার সহযোগিতা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, তদন্তে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘদিন পর হলেও এই তদন্ত কার্যক্রম ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার পাওয়ার নতুন আশার সঞ্চার করেছে।
১২৫ বার পড়া হয়েছে