সর্বশেষ

সারাদেশ

সিলেটে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, জিম্মিদশায় ২ যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশ এক ঝটিকা অভিযানে সংঘবদ্ধ ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে।

একই অভিযানে জিম্মি অবস্থায় থাকা দুই যুবককে উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল ও অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে গোলাপগঞ্জ উপজেলার বাদে রণকেলী গ্রামের মাহমুদুল হাসান রিফাত (২৫) এবং তার প্রবাসী বন্ধু মাহফুজ আলী (২৫)-কে মেন্দিবাগ পয়েন্ট থেকে কৌশলে প্রলুব্ধ করে সিএনজি অটোরিকশায় তুলে নেয় চক্রের সদস্য আব্দুল জলিল ও জায়েদ আহমদ। পরে তাদের যতরপুর এলাকার ‘নবপুষ্প-১১৩’ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন চক্রের নারী সদস্য জেসমিন আক্তার। পরবর্তীতে চক্রের মূলহোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহাসহ আরও ৪/৫ জন সেখানে প্রবেশ করে। তারা ভিকটিমদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে নিয়ন্ত্রণে আনে। এরপর তাদের জোরপূর্বক বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়।

অভিযুক্তরা ভিকটিম রিফাতের ব্যবহৃত আইফোন ১৪ প্রো ম্যাক্স, নগদ ৮,৫০০ টাকা এবং মাহফুজ আলীর ৫ ভরি রূপার চেইন, ব্রেসলেটসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ভিকটিমদের পরিবার লোকলজ্জার ভয়ে আত্মীয়দের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৯০ হাজার টাকা প্রদান করলেও তাদের মুক্তি দেওয়া হয়নি।

পরবর্তীতে ভিকটিমদের পরিবারের সন্দেহ হলে তারা কোতোয়ালী মডেল থানায় যোগাযোগ করেন। অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় এসআই আনোয়ারুল ইসলাম পাঠান তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করেন। এরপর ১০ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে এবং দুই ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন— তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), মো. আব্দুল জলিল (৩০), জেসমিন আক্তার (২২) এবং মো. জায়েদ আহমদ (৩৫)।

অভিযানকালে পুলিশ একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা, তিনটি সাধারণ মোবাইল ফোন এবং ভিকটিমদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন ও একটি বাটন ফোন উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৯, তারিখ ১০/০৪/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন