সিলেটে সরকারি ব্যবস্থাপনায় ‘কৃষকের হাট’ উদ্বোধন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে ‘কৃষকের হাট’।
শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য” স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভারসাম্য আনতে সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে অনেক সময় চার থেকে পাঁচবার হাতবদল হয়, যার ফলে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি পায়। ‘কৃষকের হাট’ এই মধ্যবর্তী স্তর কমিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে।
মন্ত্রী আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে সপ্তাহে নির্দিষ্ট দিনে এই হাট বসবে। প্রশাসনের সরাসরি নজরদারির কারণে চাঁদাবাজি বা অতিরিক্ত খরচের কোনো সুযোগ থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
সরকার বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে বাজার তদারকি সহজ হয় এবং কারসাজি দ্রুত শনাক্ত করা যায়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে অধিক পরিমাণে পণ্য আমদানি করে বাজারে কার্যকর ‘কাউন্টার ব্যালেন্স’ তৈরি করা হবে।
কৃষি খাতের উন্নয়নে সেচ ব্যবস্থার সম্প্রসারণ ও খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করে তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশের বাজার আরও স্থিতিশীল হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই হাট পরিচালিত হবে। এ উদ্যোগ সফল হলে কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পাবেন এবং সাধারণ মানুষ তুলনামূলক কম দামে নিরাপদ ও তাজা পণ্য কেনার সুযোগ পাবেন—যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
১২৪ বার পড়া হয়েছে