সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘাসক্ষেত থেকে এক অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (বেলা প্রায় ৩টার দিকে) শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই গ্রামের এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে ক্ষেতের মধ্যে কিশোরের মরদেহ দেখতে পান। পরে তিনি আশেপাশের লোকজনকে খবর দিলে মুহূর্তেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোরের পরনে পাঞ্জাবি-পাজামা থাকায় স্থানীয়দের ধারণা, তিনি কোনো মাদ্রাসার ছাত্র হতে পারেন। এছাড়া তাকে বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলেও স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত কিশোরের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
১২১ বার পড়া হয়েছে