বরিশালে অবসর ও কল্যাণ ভাতার দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মানববন্ধন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হাইকোর্টের রায় অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১১টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে আগত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন সময়ে চরম দুঃখ, কষ্ট ও দুর্দশার মধ্যে রয়েছেন। অবসর গ্রহণের ৩ থেকে ৪ বছর পরেও অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারীর মৃত্যুর মতো অমানবিক ঘটনাও ঘটেছে বলে তারা উল্লেখ করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা আরও বলেন, চাকরিরত অবস্থায় তাদের বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে রাখা হলেও গত ৭ বছর ধরে সেই অর্থ প্রদান বন্ধ রয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন বলে তারা অভিযোগ করেন।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা নগরীতে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরিশাল সিটি কলেজে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯১ বার পড়া হয়েছে