গাইবান্ধা সদরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা-গুলিবর্ষণ, আহত অন্তত ১০
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার প্রতিবেশী এনামুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে এনামুল মিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালান।
এ সময় স্থানীয়রা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ঘটনার সময় সদর থানা ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৮৪ বার পড়া হয়েছে