গাজীপুরেও একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মা ও শিশুরা সুস্থ
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়ে বিরল ঘটনার সৃষ্টি করেছেন। বর্তমানে মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের বাসিন্দা কাজল মিয়া (৪৫)-এর স্ত্রী মাসুমা বেগম (৩০) গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রসবটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়। বর্তমানে মা ও পাঁচ নবজাতকই আশঙ্কামুক্ত রয়েছেন।
চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম অত্যন্ত বিরল ঘটনা। তিনি বলেন, এ ধরনের ক্ষেত্রে সাধারণত নবজাতকদের ওজন কম থাকে এবং বিভিন্ন জটিলতার আশঙ্কা থাকে। তবে এ ক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যেখানে প্রতিটি শিশুর গড় ওজন ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে—যা এ পরিস্থিতিতে আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ইতিহাসে এ ধরনের ঘটনা খুবই বিরল এবং একসঙ্গে পাঁচটি সুস্থ শিশুর জন্মের নজির খুব বেশি নেই।
এদিকে, বিরল এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাজল মিয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। দূর-দূরান্ত থেকে অনেকে নবজাতকদের এক নজর দেখতে ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
তবে নবজাতকদের বাবা-মা এ মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক। তারা সন্তানদের সুস্থতা এবং পরিবারের গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছেন।
১৭৫ বার পড়া হয়েছে