হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প–স্টারমারের আলোচনা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে ফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রণালিটিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি “কার্যকর পরিকল্পনা” গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।
বর্তমানে স্টারমার উপসাগরীয় কয়েকটি মিত্র দেশ সফর করছেন। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বৈঠকে অংশ নেন। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে স্টারমার মন্তব্য করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের টোল বা মাশুল আরোপ করা উচিত নয়।
অন্যদিকে, ইরান যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা চালুর কথা বলে আসছে। এর মাধ্যমে জাহাজ চলাচলে টোল আরোপের ইঙ্গিত দিয়েছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত চলাকালে কিছু জাহাজ থেকে ইতোমধ্যে টোল আদায়ের ঘটনাও ঘটেছে।
১২৬ বার পড়া হয়েছে