ফরিদপুরে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য স্থিতিশীল থাকলেও দেশে হঠাৎ করে দাম বাড়ানো হচ্ছে। তাদের দাবি, একটি সিন্ডিকেট আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।
তারা জানান, সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি প্রায় ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একইভাবে খোলা তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানববন্ধন থেকে ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—
সরকারি নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা
বাজারে সক্রিয় সিন্ডিকেট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া
নিয়মিত বাজার তদারকি জোরদার করা
মজুতদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ
নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ করা
ফুড-গ্রেড পাত্র ব্যবহারের বাধ্যবাধকতা নিশ্চিত করা
বক্তারা বলেন, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।
১২৭ বার পড়া হয়েছে