কঠোর নিরাপত্তায় বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয় এবং সেই শূন্য আসনেই এই উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।
নির্বাচনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য মোট ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠে রয়েছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ লক্ষ্যে মোতায়েন রয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন র্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথ সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়েও বিজিবির টহল জোরদার থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
১৯৫ বার পড়া হয়েছে