মোংলায় এনএসআই’র গোপন সংবাদে তেলের গোডাউনে র্যাবের অভিযানে জরিমানা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৪:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি ও ভোজ্য তেলের গুদামে অভিযান চালিয়েছে র্যাব ও উপজেলা প্রশাসন।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়। অবৈধ মজুদ ও সঠিক মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) বিকেলে মোংলা পৌর শহর এলাকায় র্যাব-৬ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ‘ইউছুফের তেলের গুদাম’ থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়। এ সময় ‘সোভা স্টোর’ নামের প্রতিষ্ঠান থেকে ৭৫ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়। এরপর ‘মেসার্স জালাল স্টোর’ থেকে আরও ১৩৫ ব্যারেল ভোজ্য তেল পাওয়া যায়।
এসব প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা না থাকা এবং সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ তেল মজুদ রাখার দায়ে পেট্রোলিয়াম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করেন এবং মজুদ করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেন।
র্যাব ও উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র অবৈধভাবে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এনএসআই-এর নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান সফল হয়েছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে অবৈধ মজুদ থেকে বিরত থাকবে।
১২৭ বার পড়া হয়েছে