নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নতুন কমিটির অভিষেক
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে প্রবাসী কুষ্টিয়াবাসীদের সংগঠন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র নবনির্বাচিত কমিটির অভিষেক, বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ এপ্রিল নিউইয়র্কের উডসাইড এলাকার কুইন্স প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. জালাল উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. জাহিদুজ্জামান জুয়েল এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মো. আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নিউইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট-৩০ এর অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাসির উদ্দিন খান পল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মো. গিয়াস উদ্দিনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন জেলা সমিতি ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন। এতে কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মেহা, হীরা, দাউদ, আইন, শাহনুর, সান্টু ও মিলা।
প্রায় ৩০০ জনের বেশি প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
১৩২ বার পড়া হয়েছে