ময়মনসিংহে ৯ বছরের শিশুকে বলাৎকারের প্রধান আসামি গ্রেফতার
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে নয় বছরের এক নাবালক শিশুকে বলাৎকারের প্রধান আসামি আবু রায়হান ওরফে রেনু ফকির (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
একই সঙ্গে পৃথক আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানার এলাকায় নয় বছরের এক শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত আবু রায়হান ওরফে রেনু ফকির শিশুটিকে মজা (খাবার) কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিকটস্থ একটি ওয়ার্কশপে নিয়ে যায় এবং জোরপূর্বক বলাৎকার করে।
ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে ২৪ মার্চ নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র্যাব-১৪, ময়মনসিংহ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে তৎপরতা চালায়।
এর ধারাবাহিকতায়, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কড়ইবনা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আবু রায়হান ওরফে রেনু ফকিরকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ এর আরেকটি আভিযানিক দল ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সিদ্দিকুর রহমান (৩৭) গ্রেফতার হন।
র্যাব জানায়, সিদ্দিকুর রহমান ঈশ্বরগঞ্জ থানার একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চরপুবাইল গ্রামের মো. আ. রহিমের ছেলে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় (নান্দাইল ও ঈশ্বরগঞ্জ) হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১২৬ বার পড়া হয়েছে