রাজশাহী হাসপাতালে হামে আরও ৩ শিশুর মৃত্যু
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ মৃত্যু ঘটেছে। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের মৃত্যু সংখ্যা দাঁড়াল ৪৬ জনে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৩ জন। হাম সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে মারা গেছেন ৪৬ জন।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু আইসিইউতে সংকট দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে। শয্যা না পেয়ে অপেক্ষমাণ অবস্থায় গত এক মাসে ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৮টি শিশু আইসিইউ শয্যা রয়েছে, যার মধ্যে ১২টি হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ছয়টি অন্যান্য রোগীদের জন্য।
হাসপাতাল সূত্র জানায়, মার্চ মাসে শিশু আইসিইউতে ভর্তি ছিল ১১৯ জন এবং অপেক্ষমাণ তালিকায় ছিল ৩৮৬ জন। এর মধ্যে ৯১ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের জটিলতা দ্রুত বাড়ছে, ফলে আইসিইউর চাহিদাও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সংকট নিরসনে অতিরিক্ত অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে। মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, আগে শিশু আইসিইউ শয্যা ছিল ১২টি, যা বাড়িয়ে ১৮টি করা হয়েছে, যার মধ্যে ১২টি হামে আক্রান্ত শিশুদের জন্য।
হাসপাতালের তিনটি শিশু ওয়ার্ডের অনুমোদিত শয্যা সংখ্যা ১৬০ হলেও বাস্তবে প্রতিদিন গড়ে প্রায় ৩,৫০০ রোগী ভর্তি হন, যা চিকিৎসা ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। রাজশাহী বিভাগের বাইরের জেলা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। এ অঞ্চলে শিশু আইসিইউ সুবিধা সীমিত হওয়ায় প্রতিদিন গড়ে ৩০টির বেশি শয্যার চাহিদা থাকে। তবে মার্চ মাসে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় দৈনিক চাহিদা প্রায় ৫০টিতে পৌঁছেছে।
১১৭ বার পড়া হয়েছে