শেরপুরে জাল টাকা তৈরির চক্রের সদস্য গ্রেফতার, আলামত জব্দ
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর র্যাব-১৪ অভিযান পরিচালনা করে শেরপুর থেকে জাল টাকা তৈরির সামগ্রীসহ মোঃ মুর্শিদুল হক (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শেরপুর জেলার সদর উপজেলার চাপাতলী এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় র্যাব-১৪, সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে টাকা জালিয়াতি চক্রসহ বিভিন্ন প্রতারক সক্রিয় রয়েছে। এসব প্রতারক চক্র শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা টিম নিয়মিত কাজ করে যাচ্ছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শেরপুর জেলার সদর উপজেলার চাপাতলী এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে দুলাল মিয়ার (৭০) বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা চালাচ্ছে একটি চক্র।
এরই প্রেক্ষিতে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুরের আভিযানিক দল মঙ্গলবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মোঃ মুর্শিদুল হক (৩৩) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার নিকট জাল টাকাসহ জাল টাকা তৈরীর সামগ্রী থাকার কথা স্বীকার করেন।
মোঃ মুর্শিদুল হক জানায়, ব্যবসার উদ্দেশ্যে ১ লক্ষ জাল টাকার বিপরীতে আসল ৩০ হাজার টাকা নেয়। আসামীর দেওয়া তথ্য অনুযায়ী, তার হেফাজতে থাকা ৬ হাজার ৮শ টাকাসহ ভাড়া বাসায় বিশেষভাবে সংরক্ষিত জাল টাকা তৈরীর সামগ্রী হিসেবে ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার কেবল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে