বিসিবি বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ সিদ্ধান্তের কথা জানান।
এনএসসি জানিয়েছে, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে তাদের গঠিত স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচনী প্রক্রিয়ায় উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম সংঘটিত হয়েছে।
এরই প্রেক্ষিতে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে।
এদিকে, সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন: তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
১২০ বার পড়া হয়েছে