নগরকান্দায় সেচ কার্যক্রম সহজ করতে চারটি ফিলিং স্টেশন নির্ধারণ
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় পাট ও ধানসহ ফসলি জমিতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন কৃষকদের সুবিধার্থে চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার (৫ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা সেচ পাম্প ও পাওয়ার টিলারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষকদের দীর্ঘ যাত্রা ও ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখিত চারটি ফিলিং স্টেশন হলো:
জয়বাংলা মোড়ে মেসার্স মুন্সি ফিলিং স্টেশন
উপজেলা সদরে মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন
তালমা মোড়ে মেসার্স মজিদ ফিলিং স্টেশন
মহিলা রোডে মেসার্স তোফাজউদ্দীন ফিলিং স্টেশন
প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলা সদরের শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করবেন। তালমা মোড়ের মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা, আর মহিলা রোডের তোফাজউদ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকরা জ্বালানি তেল পাবেন।
এসব ফিলিং স্টেশন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হওয়ায় কৃষকদের জমিতে তেল পৌঁছে দেওয়া সহজ হবে।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ফিলিং স্টেশনের জন্য দায়িত্বশীল কর্মকর্তারা নিযুক্ত করা হয়েছে। তারা তেলের মজুদ ও কৃষকদের চাহিদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
১২৮ বার পড়া হয়েছে