বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে গোবড়া গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন বিকাশ কর্মকার। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন স্বর্ণকার ব্যবসায়ী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বর্তমানে নানাবাড়িতে বসবাস করছেন।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও বিকাশ কর্মকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তবে ঋণের বোঝা বাড়তে থাকায় তিনি ব্যবসা গুটিয়ে ঢাকায় চাকরিতে যোগ দেন। সম্প্রতি পৈত্রিক সম্পত্তি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে এলেও স্বজনদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নাছিম ফকির জানান, ঘটনাস্থল থেকে বিকাশ কর্মকারের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও তার মৃত স্ত্রী এবং ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।
সাতৈর রেলওয়ের কর্মচারী রাসেল বলেন, “ট্রেন আসার সময় বিকাশ কর্মকার লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। আমি সরে গেলেও তিনি হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
১২৬ বার পড়া হয়েছে