কবরস্থান থেকে উদ্ধার ১৩ ড্রাম মলাসেস, ঠাকুরগাঁও সুগারমিলে চুরির ঘটনায় মামলা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সুগারমিলে মলাসেস (অ্যালকোহল তৈরির কাঁচামাল) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরি হওয়া ১৩টি ড্রাম মলাসেস মিল সংলগ্ন একটি কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
জানা যায়, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সুগারমিলের মলাসেস পরিবহনের পাইপলাইনে লিকেজ দেখা দেয়। এতে বিপুল পরিমাণ মলাসেস পাশের একটি পুকুরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা উদ্ধারে মিল কর্তৃপক্ষ প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করে।
উদ্ধার কাজে নিয়োজিত মোমিন নামে এক শ্রমিক কৌশলে ১৩টি ড্রাম মলাসেস সরিয়ে নেয়। বিষয়টি দ্রুত জানাজানি হলে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার একদিন পর, শুক্রবার বিকেলে মিল সংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে পুলিশ চুরি হওয়া ড্রামগুলো উদ্ধার করে। পরে সেগুলো মিল কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মিল কর্তৃপক্ষ সন্দেহভাজন শ্রমিক মোমিনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছে। বর্তমানে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মর্মাহত। মিল কর্তৃপক্ষ বা ইউনিয়নের কেউ এর সঙ্গে জড়িত নয়। অভিযুক্ত ব্যক্তি চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগকারী ঠিকাদার। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “অভিযুক্ত মোমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মলাসেসের মালিকানা নিশ্চিত হওয়ায় তা মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এদিকে সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, পাইপলাইনের লিকেজের কারণে কিছু মলাসেস পুকুরে মিশে যায়। পরে তা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভ্যন্তরীণ তদন্তও চলছে।
১১৮ বার পড়া হয়েছে