সাতক্ষীরার শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ বহিষ্কার
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহকে সরকারি খাস জমি দখলের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. হাবিবুল্লাহকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সিদ্ধান্তে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এর আগে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখলের অভিযোগ ওঠে জি.এম. হাবিবুল্লাহর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান অভিযোগ করেন, বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে জমি দখল করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটুলিয়া মৌজার ৫১৫৮ দাগের জমি সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। সম্প্রতি ওই জমি দখল করে সেখানে দলীয় সাইনবোর্ড টাঙানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তকে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে শোনা যায়, “এসপি, ডিসিও আমার কিছুই করতে পারবে না।” এমন বক্তব্যে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
দল থেকে বহিষ্কার ও অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জি.এম. হাবিবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার জমি পুনরুদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
১২৯ বার পড়া হয়েছে