গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা: নিহত ৩, আহত অন্তত ১৫
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেয়। পথে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে মিনিবাসটির। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীসহ তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠায়।
নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক রেজাউল করীম জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে