সর্বশেষ

সারাদেশ

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা ২০০১ সালে গঠনের পর অনেক বছর পার হলেও শহরের বর্জ্য ব্যবস্থাপনায় তেমন কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি।

উপজেলাটির শহরে এখনও কোনো নির্দিষ্ট ও পরিকল্পিত ডাম্পিং স্টেশন নেই। এর ফলে প্রতিদিনের বাসাবাড়ি ও বাজারের বর্জ্য বিভিন্ন সড়ক ও খোলা স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে। এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডাম্পিং স্টেশন না থাকায় সরকারি খাস জমির গর্তে বর্জ্য ফেলা হচ্ছে।

জানা যায়, ফুলবাড়ীয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের চান্দের বাজার খাল পাড় এলাকার নূরে হেরা হাফিজিয়া মাদ্রাসার পাশে একটি স্থানীয় খাস জমি অস্থায়ী ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। প্রথমদিকে কিছুটা নিয়মিত বর্জ্য ফেলা হলেও বর্তমানে তা ঠিকভাবে হচ্ছে না। প্রতিদিনের বর্জ্য যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে, যা জনজীবনে ভোগান্তি সৃষ্টি করছে।

সরাসরি পরিদর্শনে দেখা যায়, গর্তটির চারপাশে ঘনবসতিপূর্ণ বাড়িঘর। ফলে এলাকাবাসী প্রতিদিন দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পশ্চিম বাজারের প্রায় সব জায়গায় ময়লা স্তূপ করে রাখা হয়েছে। এতে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। বর্জ্যের দুর্গন্ধ, মাছি, রোগবালাই ও পরিবেশ দূষণে পুরো আশপাশের এলাকা ঝুঁকির মুখে পড়েছে।

চান্দের বাজার এলাকার বাসিন্দা আজাফর আলী বলেন, “ময়লার দুর্গন্ধে বাসায় থাকা কঠিন হয়ে গেছে। রমজান মাসে দুর্গন্ধ সহ্য করতে কষ্ট হচ্ছে।”

চান্দের বাজার খাল পাড় এলাকার পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন বলেন, “সঠিক স্থানে ময়লা ফেলা উচিত, কিন্তু ফুলবাড়ীয়ায় এটি রাস্তার পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও মানুষের ক্ষতি হচ্ছে। দুর্গন্ধে রাস্তা দিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আমরা সুস্থভাবে বাঁচতে চাই।”

একই এলাকার মিনা চৌহান বলেন, “ময়লার স্তূপে সব সময় কুকুর আসে। এতে ছোট বাচ্চারা বাইরে খেলতে পারে না।”

জামিয়া নূরে হেরা মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম বলেন, “ফুলবাড়ীয়ায় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা দিন দিন প্রকট হচ্ছে। উন্মুক্ত স্থানে আবর্জনা জমে পড়ছে, যা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা চাই পৌর কর্তৃপক্ষ দ্রুত পরিবেশবান্ধব ব্যবস্থা নিক।”

ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার জানান, পৌরসভার নিজস্ব জমি না থাকায় খাস জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। তবে ভবিষ্যতে পৌরসভা প্রকল্পের আওতায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন