চট্টগ্রামে শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের পটিয়া থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার মৃত মো. সেলিম উদ্দীনের বাসিন্দা। আজ দুপুরে নগরের ২ নং গেইট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান। এর আগে শনিবার মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ ছিল রিয়াদ বিন সেলিমের বিরুদ্ধে। গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তার ছবি সংবলিত একটি আইডি কার্ড উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল “CSF Chairperson’s Security Force’’ ID No-013, একটি মেটাল ডিটেক্টর, একটি চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট, একটি কালো হাতল বিশিষ্ট সিগন্যাল লাইট, তার ছবি সংবলিত একটি মনিটরিং সেল কার্ড, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল ফোন এবং একটি আইটেল বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তার রিয়াদ তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে লোকজনকে বিভ্রান্ত ও প্রতারণা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো এআই দ্বারা তৈরি।
চাকরি দেয়ার নামে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য সরবরাহ করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করতেন বলেও তথ্য পাওয়া গেছে, জানিয়েছে পুলিশ।
১২৬ বার পড়া হয়েছে