বান্দরবানের আধুনিকায়নে প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর জোর
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক জেলায় রূপান্তর করতে প্রশাসন ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) সানিউল ফেরদৌস।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, দেশের অন্যতম পর্যটন জেলা বান্দরবানকে আরও আকর্ষণীয় করে তুলতে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধিতে নান্দনিক উন্নয়ন, সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক ও আবু তাহের, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার কর্মরত সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত প্রদান করেন।
১৫০ বার পড়া হয়েছে