দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা কারাগারে
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতা মেহেদী হাসান তানজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ অভিযুক্ত মেহেদী হাসান তানজিমের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাসায় একা পেয়ে মেহেদী হাসান তানজিম তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে ঘরের মধ্যে আটকে রাখেন। পরে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসান তানজিমকে সেখান থেকে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে।
রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে