ঘিওর উপজেলায় অবৈধ সীসা উৎপাদনকারি কারখানাকে জরিমানা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করায় আল-মুমিন ব্যাটারি কারখানাকে ভ্রাম্যমান আদালত দেড় লাখ টাকা অর্থদণ্ড করেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড এলাকায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, হেলিপ্যাড এলাকার বন্ধ থাকা আল-মুমিন ব্যাটারি কারখানার ভিতরে অবৈধভাবে বিষাক্ত রাসায়নিক পদার্থ গলিয়ে সীসার বার উৎপাদন করা হচ্ছিল। কারখানাটি বাইরে থেকে বন্ধ থাকায় বাইরে কেউ জানতে পারছিল না ভিতরে কী ধরনের কার্যক্রম হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এবং বর্জ্য ব্যবস্থাপনার বৈধতা ছাড়া এই কারখানা সীসা তৈরি করায় আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন কারখানার কর্তৃপক্ষকে জরিমানা করেন এবং ভিতরে থাকা রাসায়নিক পদার্থ দ্রুত অপসারণ ও কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি বন্ধ কারখানার ভিতরে অবৈধভাবে রাসায়নিক পদার্থ গলিয়ে সীসা তৈরি করা হচ্ছে। আমাদের লক্ষ্য এই জনপদকে দূষণমুক্ত ও নিরাপদ রাখা। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
১২৫ বার পড়া হয়েছে