জ্বালানি সংকট : অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি কমিয়ে নতুন নিয়ম চালু করেছে সরকার।
রোববার থেকে এ নতুন সময়সূচি কার্যকর হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, আজ কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন বা অফলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। বিষয়টি নিয়ে আরও কিছু আলোচনা প্রয়োজন হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে।
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা বা বিকল্প পদ্ধতিতে পাঠদান চালিয়ে যাওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে।
১২৬ বার পড়া হয়েছে