যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই—সোলাইমানির কন্যাদের স্পষ্ট দাবি
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানির পরিবার যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া দুই ইরানি নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছে। সোলাইমানির দুই কন্যা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওই নারীদের সঙ্গে তাদের পরিবারের কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই।
ইরানি বার্তা সংস্থা ফারসের এক প্রতিবেদনে সোলাইমানির কন্যা জয়নব বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে দাবি করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে আটক ব্যক্তিদের সঙ্গে তাদের পরিবারের কোনো সংযোগ নেই।
একই বিষয়ে সোলাইমানির আরেক কন্যা নারজেস জানান, এখন পর্যন্ত তাদের পরিবারের কোনো সদস্য বা আত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার এই বক্তব্য তুলে ধরে জানায়, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, হামিদেহ সোলাইমানি আফশার নামের এক নারী এবং তার মেয়েকে গ্রিন কার্ড বাতিলের পর হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে সোলাইমানির ভাতিজি ও নাতনি বলে উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে অভিযোগ করা হয়, ওই নারী ইরান সরকারের কট্টর সমর্থক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও স্থাপনায় হামলার ঘটনায় প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী এই জেনারেল কাসেম সোলাইমানি। তাঁর মৃত্যুর পর থেকেই তাকে ঘিরে নানা আন্তর্জাতিক বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
১৪১ বার পড়া হয়েছে