সর্বশেষ

সারাদেশ

নরসিংদী জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ কাজ ৮ বছরেও শেষ হয়নি

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী জেলায় ১০০ শয্যার জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নির্মিত নতুন ভবনের কাজ দীর্ঘ আট বছর পার হলেও এখনও সম্পূর্ণ হয়নি। ফলে আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ।

২০১৮ সালে প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকার ব্যয়ে ১৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৮ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। গণপূর্ত বিভাগ জানিয়েছে, বর্তমান সময়ে ভবনের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে রং করা, বেসিন ও বাথরুম ফিটিংস, লিফট স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়েছে।

নরসিংদীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে এসব সরঞ্জাম এখনো স্থাপন করা হয়নি। ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার তারিখ নির্ধারিত হলে এক মাসের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব।

বর্তমানে ভবনের ৮ম তলায় ডায়ালাইসিস সেন্টার নির্মাণের কাজ চলছে। ইটের গাঁথুনি শেষ হয়ে প্লাস্টার, টাইলস ও দরজা স্থাপনের কাজ এগিয়ে চলছে। শ্রমিকরা আশা করছেন, স্বল্প সময়ের মধ্যে এই অংশের কাজ সম্পন্ন হবে।

মূল পরিকল্পনা অনুযায়ী, ভবনের বিভিন্ন তলায় জরুরি বিভাগ, আউটডোর, প্যাথলজি, অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, প্রশাসনিক ব্লক, ওয়ার্ড এবং ডায়ালাইসিস ও আইসোলেশন ইউনিট স্থাপন করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার কামাল উদ্দিন জানান, তাদের দায়িত্ব অনুযায়ী কাজ ২০২২ সালে সম্পন্ন করে হস্তান্তর করা হয়। তবে পরবর্তীতে কিছু অতিরিক্ত কাজ নতুন টেন্ডারের মাধ্যমে চলছে, যা মূল প্রকল্পের অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, শতভাগ কাজ শেষ না করেই ভবন বুঝে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই কারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান জানান, ভবন শতভাগ প্রস্তুত হলে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তবেই ভবনটি গ্রহণ করা হবে। এছাড়া জনবল, যন্ত্রপাতি, আসবাবপত্র এবং প্রশাসনিক অনুমোদন প্রাপ্তির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

সুজন সু-শাসনের জন্য নাগরিকের জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, হাসপাতালটি দ্রুত চালু করতে জনবল নিয়োগ এবং যন্ত্রপাতি সরবরাহসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

স্থানীয় সচেতন মহল ও বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র ভবন নির্মাণ নয়, কার্যকর স্বাস্থ্যসেবা চালু করতে দ্রুত জনবল নিয়োগ ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সবমিলিয়ে, নরসিংদীর এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা এবং অবকাঠামোগত অসম্পূর্ণতার কারণে এখনও পুরোপুরি চালু হয়নি। সংশ্লিষ্ট সবাই দ্রুত সমন্বিত উদ্যোগের মাধ্যমে হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন