চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি বাস তানভীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
১২২ বার পড়া হয়েছে