সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি-কে বরখাস্ত করেছেন।
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশে তার ভূমিকা নিয়ে বাড়তে থাকা অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, ট্রাম্প মনে করছিলেন যে, তার সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফৌজদারি পদক্ষেপ নিতে বন্ডি যথেষ্ট দ্রুত অগ্রসর হচ্ছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে বিচার বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ব্ল্যাঞ্চ আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
তবে একই পোস্টে ট্রাম্প বন্ডিকে “মহান দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু” হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
নিজের পোস্টে বন্ডি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করতে ট্রাম্পের নেতৃত্বে কাজ করা তার জীবনের বড় সম্মান। তিনি আগামী এক মাস দায়িত্ব হস্তান্তরের কাজ চালিয়ে যাবেন বলেও জানান।
অন্যদিকে, ব্ল্যাঞ্চ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বন্ডির প্রশংসা করেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির দৃঢ় সমর্থক ছিলেন। তবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রচলিত ধারা থেকে সরে আসার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
বিশেষ করে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সমালোচনা তার দায়িত্বকালকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও তার সমালোচনা করেন। অভিযোগ রয়েছে, যৌন পাচার তদন্তসংক্রান্ত নথি প্রকাশে গোপনীয়তা রক্ষা বা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল।
একটি সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বন্ডিকে তার অপসারণের সিদ্ধান্ত জানান। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছ থেকেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ ছিল।
এদিকে, বিকল্প হিসেবে লি জেলডিন-এর নামও বিবেচনায় ছিল বলে জানা গেছে।
অন্যদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র্যান্ডি জর্জ-কেও পদ থেকে সরানো হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, ৪১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি।
১২২ বার পড়া হয়েছে