বান্দরবানে চাকমা সমাজের ন্যায্য রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলায় চাকমা সমাজের ন্যায্য রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
চাকমা সিভিল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানের চাকমা সমাজ প্রশাসনিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। এর ফলে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রকৌশলী লুক চাকমা বলেন, “গত প্রায় ৩০ বছর ধরে প্রশাসনিক, রাষ্ট্রীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ পদে চাকমা সমাজের উপস্থিতি ক্রমশ হ্রাস পেয়ে এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে তারা উন্নয়নের মূলধারায় সক্রিয়ভাবে যুক্ত হতে পারছে না। বিশেষ করে গত প্রায় ২৭ বছর ধরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই। বিষয়টি স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণ নিশ্চিতের ক্ষেত্রে গভীর উদ্বেগের।”
বক্তারা আরও উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দেশের সব জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
চাকমা সিভিল সোসাইটির নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বান্দরবানে চাকমা সমাজের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুক চাকমা, সমাজকর্মী প্রিতি বিকাশ চাকমা, সমাজকর্মী গঙ্গাধন চাকমা, কার্বারী অমর বিজয় চাকমা, শিক্ষক সাধন বিকাশ চাকমাসহ সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১০৮ বার পড়া হয়েছে