কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
স্থানীয় হাসপাতালের প্রতিবেদনে জানা যায়, রাত ৮টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য উপস্থিত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ আহতেরই কামড় লাগার স্থান থেকে রক্ত ঝরছে। কেউ বাইরে বসে সাবান দিয়ে ক্ষত ধোছেন, আবার কেউ জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালজুড়ে আহত এবং তাদের স্বজনদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর এক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ জন আহত হাসপাতালে ভর্তি হন এবং প্রাথমিক চিকিৎসা পান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ভ্যাকসিন শেষ হয়ে গেছে, তাই অনেকেই বাইরে থেকে কিনে পুষ পাচ্ছেন।
ইউএনও রূপম দাস বলেন, “পাগলা কুকুরের কামড়ে এত মানুষ আহত হওয়ার খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে গিয়েছিলাম। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে চিকিৎসা এবং ভ্যাকসিনের সব ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি। আমি সংসদ অধিবেশনের পর পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।”
১০৭ বার পড়া হয়েছে