কুমিল্লার চান্দিনায় হোটেলের দেয়াল ধসে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজারে একটি খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা এবং হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে আব্দুস সামাদ জামাতা মিজানুর রহমানের হোটেলে যান। সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসে ছিলেন। এ সময় হঠাৎ হোটেলের একটি পুরনো দেয়াল হুড়মুড় করে তার ওপর ধসে পড়ে। ইট ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে নিহতের গ্রামে দেবিদ্বারের শাকতলায় পাঠিয়ে দেন।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, হোটেলের কাঠামো দুর্বল ছিল। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “জরাজীর্ণ দেয়াল ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার মৃতদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০৫ বার পড়া হয়েছে