নরসিংদীতে ফিড মিলের পানির অব্যবস্থাপনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরায় পুষ্টিরাজ ও আরমান ফিড মিলের পানির অব্যবস্থাপনার প্রতিবাদ করায় এক কৃষককে পুলিশ দিয়ে হয়রানির ঘটনা সামনে আসার পর গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধুকুন্দি-চারাবাগ এলাকায় এই সড়ক অবরোধ চালানো হয়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর গ্রামবাসী অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই কৃষি নির্ভর এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগির ফিড উৎপাদন করছে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড। তাদের কারখানার পানির সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আশপাশের প্রায় ২০০ বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা বহুবার মিল কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গ্রামবাসী অভিযোগ করেছেন, মিল কর্তৃপক্ষের বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানি চালানো হয়েছে। এ ঘটনার অংশ হিসেবে মঙ্গলবার মিল কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে আটক করে রায়পুরা থানায় নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসী শাহিনের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে। কৃষকরা বলেন, “ফিড কোম্পানির ময়লা পানির কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে। জমি নিয়ন্ত্রণ করা হচ্ছে জোরপূর্বক, প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
পরে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিবি পুলিশ ও র্যাবসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, “এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে। এছাড়াও আটক কৃষক শাহিন মিয়ার জামিনের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
১০৬ বার পড়া হয়েছে