কাউখালীতে হাতির আক্রমণে নিহতের পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির কাউখালী উপজেলায় ২০১৯ সালে বন্য হাতির আক্রমণে নিহত মেশি মারমার পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করে। রাঙামাটি বিভাগের ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের কার্যালয়ে নিহতের স্বামী পাইঅং মারমার হাতে চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া।
চেক বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে তাদের আক্রমণ বা ক্ষতি করা উচিত নয়। বন্য প্রাণীকে তার স্বাভাবিক পরিবেশে থাকতে দেওয়া জরুরি। তবে এ ধরনের ঘটনায় মানুষের জানমালের ক্ষতি হলে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়ে কিছুটা সহায়তা করে। তিনি সবাইকে বন্য প্রাণীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও জানান, নতুন বিধিমালা অনুযায়ী বন্য প্রাণীর আক্রমণে কেউ নিহত হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তার পরিবারকে ৩ লাখ টাকা প্রদান করা হবে। গুরুতর আহত হলে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং বনাঞ্চলের বাইরে ফসল, ঘরবাড়ি বা অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ বিষয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, সরকারি বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ করে আক্রান্ত হলে, বন্য প্রাণী শিকারের সময় আহত হলে, বিদেশি নাগরিক সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ আক্রান্ত হলে বা সাফারি পার্কের ঝুঁকিভাতা প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ক্ষতিপূরণের আওতায় পড়বেন না।
অনুষ্ঠানে কাউখালী উপজেলার খাশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল, সদর রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী, তিনকুনিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুর গফুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে