সিলেটে ১৬ ঘণ্টার পেট্রোল-পাম্প ও সিএনজি ধর্মঘট শেষ
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন বুধবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে পাম্প মালিকদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে।
ধর্মঘটের পেছনে ছিল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় ও হয়রানির অভিযোগ। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট বিভাগের সব পাম্পে ধর্মঘট আহ্বান করা হয়। যদিও রাত ৩টার দিকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আদনান ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন, অধিকাংশ পাম্প মালিক তা মানেননি। ফলে রাতভর জ্বালানি সরবরাহ বন্ধ থাকে।
ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন পাম্পে দীর্ঘ যানবাহনের লাইন দেখা যায়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল বা গ্যাস নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। আকস্মিক ধর্মঘটে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এর যৌক্তিকতাও নিয়ে প্রশ্ন ওঠে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. যাবের সাদেক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাম্প মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেন এবং সংকট নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে বিকেল থেকে ধীরে ধীরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
সংশ্লিষ্টরা জানান, প্রশাসন ও মালিকপক্ষের সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
১২৫ বার পড়া হয়েছে