ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রহিমা আক্তার (৭) মারা যান।
রহিমা আক্তার মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের রিয়াজ খানের কন্যা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৃত শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ঢাকার মহাখালীস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে। তবে এখনও পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। চিকিৎসকরা উপসর্গের ভিত্তিতে এটিকে ‘ক্লিনিক্যালি হামজনিত’ মৃত্যু হিসেবে মন্তব্য করেছেন।
ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৮ জন, মোট ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে