রাঙামাটিতে আটক জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে তথ্য বিভ্রাটের অভিযোগ
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী তার বিরুদ্ধে ছড়ানো তথ্য বিভ্রাটের অভিযোগ তুলেছেন।
পরিবার জানায়, একটি সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় তাকে আটক দেখানো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে তাকে মাদক সেবনকারী হিসেবে প্রচার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ মার্চ রাঙামাটি শহরে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটক আটজনের মধ্যে কিছুজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। পরবর্তী দিন আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা ইমাম মেহেদীকে ২০২৪ সালের রাঙামাটি শহরের সাম্প্রদায়িক দাঙ্গার অজ্ঞাত আসামি হিসেবে আটক দেখানো হয়েছে। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
তবে এর আগে জেলা পুলিশ তার ফেসবুক পেইজে অন্যান্য মাদকসেবীদের সঙ্গে ইমাম মেহেদীর ছবি ব্যবহার করে মাদকসেবী হিসেবে পোস্ট দেওয়া হয়। এতে তিনি সামাজিকভাবে মানহানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশের এই পোস্ট থেকে তথ্য নিয়ে কিছু গণমাধ্যমও তাকে মাদকসেবী ও কারবারি হিসেবে সংবাদ প্রকাশ করে।
গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ছাত্রদল নেতা ইমাম মেহেদীর পরিবার তথ্য বিভ্রাট ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন মেহেদী ইমামের স্ত্রী হ্যাপী আক্তার। তিনি সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং অপপ্রচাকারীদের সতর্ক করেছেন।
১১৫ বার পড়া হয়েছে