রাজবাড়ীতে সওজের উদ্যোগে '২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির উদ্বোধন
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, এন-৭ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আগামী এক বছরে জেলাজুড়ে ২ হাজার গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী দিনে ১ কিলোমিটার সড়কজুড়ে ২০০টি বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এছাড়া রাজবাড়ী সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপসহকারী প্রকৌশলী আশিষ কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ সম্পন্ন করা হবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচি সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের জন্য ছায়া নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের এই বৃহৎ উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
১৭৮ বার পড়া হয়েছে